
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মজিবুর রহমান শেখকে সভাপতি এবং মো. হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সাধারণ সভা সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মো. আরিফ উল ইসলাম। সভার শুরুতে প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের প্রয়াত কর্মীদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে বিগত বছরের কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদনের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজন শেষে গঠনতন্ত্রটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এ সময় বক্তারা সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সংস্কৃতি বিকাশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভূমিকার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। তাই সমাজে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং প্রগতিশীল চিন্তার বিকাশে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সংগঠনের কার্যক্রম আরও জনমুখী, আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য শিশির রহমান, হুমায়ুন ফরিদ, অপূর্ব সূচনা এবং সোনিয়া হাবিব লাবনীকে নিয়ে একটি বিষয়ভিত্তিক কমিটি গঠন করা হয়। পরে তাদের সুপারিশ এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, মো. রতন রনি, প্রবীর পাল ও আহাদ উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহম্মেদ ইউসুফ, মো. মুশফিকুর সালেহীন এবং মেহেদী হাসান।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আরফান সরকার খোকন, দপ্তর সম্পাদক এম এম রহমান এবং সহ-দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার বৃষ্টি।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন অনুষ্ঠান সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাগর হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. ডালিম রহমান, গবেষণা ও মূল্যায়ন সম্পাদক জিনাত জাওয়ারা এবং প্রশিক্ষণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন মিথুন।
সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সভায় একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। উপদেষ্টা পরিষদে অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, খালেদা খানম, অ্যাডভোকেট তোতা মিয়া, অ্যাডভোকেট মো. আশরাফ উল ইসলাম, অভিজিৎ দাস ববি, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন এবং অ্যাডভোকেট চৌধুরী মোস্তফা আল মামুন টিটুসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্বরা স্থান পেয়েছেন।
উল্লেখ্য, ‘সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত আমাদের সংস্কৃতি’—এই স্লোগানকে ধারণ করে ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মুন্সীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সদস্যরা।