
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শিশু রামিসা ও আছিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জড়িত ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টায় সিরাজদিখান উপজেলা মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধের বিচার দ্রুত ও দৃষ্টান্তমূলকভাবে নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ফখরুদ্দিন রাজি বলেন, “শিশু রামিসা ও আছিয়ার ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও বলেন, “দেশের প্রতিটি শিশু যেন নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে, সে জন্য সরকার ও প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এদিকে একই স্থানে বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পরিবেশ মানবাধিকার সংস্থার উদ্যোগে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা শিশু রামিসা ও আছিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করলে সমাজে অপরাধ কমে আসবে বলে তারা মত প্রকাশ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর আইন প্রয়োগ এবং প্রশাসনের সক্রিয় ভূমিকা দাবি করেন।